কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. কালাম (৪৫)। তিনি পাবনার আতাইকুলা থানার তেলিগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় কালামের মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি কারাগারে বন্দী ছিলেন। সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগার থেকে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ২০১৬ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।