কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে এক বন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই বন্দী হলেন যশোরের চৌগাছা উপজেলার হাঘাটি চান্দ্রাপাড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ২২৫৩/১৮। হত্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন শরিফুল।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, দক্ষিণখান থানায় ৫৪ (৫) ১৮ নম্বর মামলায় ৩০২/২০১/৩৪ ধারায় প্রথমে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন শরিফুল। ২০১৮ সালের ২০ জুলাই তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
গতকাল রোববার রাত আটটার দিকে কারাগারের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।