কাশিয়ানীতে আওয়ামী লীগের পদ থেকে ৫ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আওয়ামী লীগের পাঁচ নেতা। গতকাল রোববার কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পাঁচ নেতা-কর্মী হলেন কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাচান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমীর, সদস্য শাহাদত হোসেন ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন শেখ।

কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, গত ২৮ অক্টোবর ওই পাঁচজন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। যার পরিপ্রেক্ষিতে তাঁদের গতকাল অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি নেওয়া শেখ সমীর জানান, আসন্ন ইউপি নির্বাচনে কাশিয়ানীর একাংশে প্রার্থিতা উন্মুক্ত করা হয়েছে। কিন্তু কাশিয়ানী সদরসহ বাকি অংশে নৌকা প্রতীকে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।