কাহালুতে সেমাইয়ের খাঁচি তৈরির কারিগরদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা থেকে আসা কারিগররা কাহালুর শেখাহারের ভোলতা গ্রামে লাচ্ছা সেমাই রাখার খাঁচি তৈরি করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
গাইবান্ধার সাঘাটা থেকে আসা কারিগররা কাহালুর শেখাহারের ভোলতা গ্রামে লাচ্ছা সেমাই রাখার খাঁচি তৈরি করছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

বগুড়ার কাহালু উপজেলার শেখাহারে লাচ্ছা সেমাই কারখানায় খাঁচি বানিয়ে দিতে প্রতিবছর দুই ঈদে গাইবান্ধার সাঘাটা থেকে কারিগরেরা এসে ভিড় করেন। এক ঈদে দেড় মাস, আরেক ঈদে ১৫ দিন কাহালুতে থেকে যান তাঁরা। তারপর আবার নিজ নিজ গ্রামে ফিরে যান। নিজ গ্রামে তাঁরা মূলত চাটাই তৈরি করে রোজগার করেন।
গতকাল বুধবার সকালে কাহালুর শেখাহারে গিয়ে কথা হয় সাঘাটা থেকে আসা শ্রমিকদের সঙ্গে। বাঙালি মুসলমানের ঈদুল ফিতরের প্রধান খাবার লাচ্ছা সেমাই। ঈদ এলেই কাহালুর শেখাহার বাজারে লাচ্ছা সেমাই তৈরির ধুম পড়ে যায়। শেখাহার বাজারের আশপাশের কাজীপাড়া, ভোলতা, অবিলম্ব, ডেপুইল গ্রামগুলোতে গত ১৪-১৫ বছর যাবৎ বেশ কয়েকটি লাচ্ছা সেমাই তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার লাচ্ছা সেমাই দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। কারখানার শ্রমিকেরা লাচ্ছা সেমাই বানিয়ে খাঁচিতে রাখেন। আর এসব খাঁচি তৈরির কাজ মূলত করেন গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার পবনতাইল গ্রামের কারিগরেরা। তাঁরা চার-পাঁচটি দলে বিভক্ত হয়ে এ মৌসুমে কাহালুর এসব গ্রামে আসেন খাঁচি তৈরির জন্যই।
এ রকমই খাঁচি তৈরির একজন কারিগর সাঘাটার আনসার আলী জানান, প্রতিবছর দুবার এ এলাকায় আসেন তাঁরা। বাঁশ, বাড়িভাড়া, খাবার—সবই শ্রমিকদের। শুধু খাঁচিপ্রতি ১০-১২ টাকা লাভ দেন কারখানার মালিকেরা।
আনসার আলী বলেন, ‘মাসকা ঈদেত দেড় মাসে সাত-আটজন লোক খ্যাটে (পরিশ্রম করে) ৮০-৮৫ হাজার ট্যাকা কামাই হয়। আর কোরবানি ঈদেত ১৫ দিনত ৫০-৫৫ হাজার টাকা কামাই হয়।’
আনসার আলীর স্ত্রী চামেলী বানু বলেন, ‘হামাকেরে খ্যাটা খাওয়া জীবন। আজ এটি, কাল ওটি। গ্রামত সারা বছর চাটাই ব্যানাই হামরা।’
মেসার্স নূর লাচ্ছা সেমাই কারখানার মালিক হৃদয় আহমেদ বলেন, লাচ্ছা সেমাই তৈরি করে খাঁচিতে রাখতে হয়। তাই এ সময় খাঁচির খুব চাহিদা। স্থানীয় কারিগরদের চেয়ে বাইরের কারিগরেরা বেশি দক্ষ। তাঁরা সময়মতো চাহিদা পূরণ করতে পারেন। ঈদে চাপ বাড়লে প্রতিবছরই গাইবান্ধার কারিগরেরা এসে তাঁর কারখানায় খাঁচি তৈরির কাজ করে দিয়ে যান।