সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার যুক্তি উপস্থাপন শুরু হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জন্য রাষ্ট্রপক্ষকে প্রস্তুত থাকতে বলেছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার এই মামলার তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের ৩২তম ও শেষ সাক্ষী মনোয়ারা বেগমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। গতকাল তাঁকে পঞ্চম দিনের মতো জেরা করা হয়। জেরা শেষ না হওয়ায় আসামিপক্ষের আইনজীবী বুধবার আরও এক ঘণ্টা জেরার অনুমতি চান। এই সময় মঞ্জুর করলেও অপ্রাসঙ্গিক দীর্ঘ জেরায় আসামিপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তকে ট্রাইব্যুনাল বলেন, বুধবার (আজ) বেলা সাড়ে ১১টার মধ্যে আসামিপক্ষ জেরা শেষ করবে। এরপর যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষ যেন প্রস্তুত থাকে।
২ ও ৭ জুলাই মনোয়ারা বেগম জবানবন্দি দেন। এর পর থেকে তাঁকে জেরা করছে আসামিপক্ষ।
এই মামলায় আসামিপক্ষের কোনো সাক্ষী না থাকায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তি উপস্থাপন শুরু হবে। আইন অনুসারে প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে। এরপর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে, রাষ্ট্রপক্ষ পরে তা খণ্ডন করবে। দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ধার্য করবেন।