
‘ধায় যেন মোর সকল ভালোবাসা’—চেনা সুরে অনুষ্ঠান শুরু। এরপর একে একে রবীন্দ্রসংগীতের বিভিন্ন পর্বের গান। সুরের উষ্ণতা ছড়ালেন শিল্পী কিংশুক দাশ।
৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় জার্মান ভাষাশিক্ষা কেন্দ্র ডি-স্প্রাখের উদ্যোগে আয়োজন করা হয় শিল্পী কিংশুক দাশের একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা। আয়োজনের শুরুতে কথামালা নিয়ে মঞ্চে আসেন ডি-স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। এতে অংশ নেন শিল্পী মনসুর উল করিম, ছড়াকার কেশব জিবসী ও শিল্পী অনুরুদ্ধ সেনগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অরুণ ভদ্র।
বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অনন্ত প্রেরণার উত্স। প্রতিটি সংকটে, আনন্দ-বেদনা ও আশা-নিরাশার সন্ধিক্ষণে আমাদের শেষ আশ্রয় রবীন্দ্রসৃষ্টি। আমরা বারে বারে শান্তি খুঁজে ফিরি তাঁর সৃষ্টিতে।’
অনুষ্ঠানে ২০টি গান পরিবেশন করেন শিল্পী। প্রায় দুই ঘণ্টা সুরের মায়ায় শ্রোতাদের আচ্ছন্ন করে রাখেন। প্রথম গানের পর গেয়ে শোনান ‘অরূপ বাণী তোমার’। একে একে গেয়ে শোনান ‘আমায় মাথা নত করে’, ‘আজি মম মম চাহে’, ‘তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘আমার পথে পথে’, ‘ও আমার দেশের মাটি’, ‘এই লভিনু সঙ্গ তব’, ‘প্রভু আমার প্রিয় আমার’, ‘গহন কুসুম কুঞ্জে’, ‘তুমি কেমন করে গান’ ও ‘অধরা মাধুরী ধরেছে’। তাঁর গাওয়া গানের সঙ্গে গলা মেলান শ্রোতারাও।
সবশেষে ‘আমার আর হবে না দেরি’ এই গানটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে নেওয়া ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ কবিতা আবৃত্তিটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে তবলায় ছিলেন সৈকত দত্ত।