৩১ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। গতকাল শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন এই ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন।
হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার এই ডায়ালাইসিস সেন্টারে একজন রোগীর একবার ডায়ালাইসিস করাতে ব্যয় হবে ২ হাজার ১৯০ টাকা। তবে চমেক হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ডায়ালাইসিস করালে খরচ পড়বে ৪০০ টাকা।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কিডনি ডায়ালাইসিস সেন্টারের মাধ্যমে গরিব রোগীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবেন। ঢাকা ও চট্টগ্রামে এ ধরনের দুটি ডায়ালাইসিস সেন্টার হয়েছে। তিনি বলেন, উপাচার্য নিয়োগের পর চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ শিগগির শুরু হবে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘রোগীকে জিম্মি করে কেউ ধর্মঘট করুক, সেটা আমরা সমর্থন করি না। সে ডাক্তার হোক বা শ্রমিক হোক।’
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিতের প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। অবশ্য চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল এ কর্মসূচি পালন করেননি।
ইন্টার্নদের এই কর্মবিরতির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় যাঁদের মাধ্যমে রোগীর স্বজনেরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ভুল বুঝতে পারবেন। ইন্টার্নদের ধর্মঘটের সময় জ্যেষ্ঠ চিকিৎসকেরা কষ্ট করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।