কিডনি বিক্রি চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট জেলার মানচিত্র

কিডনি বিক্রি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিন আগে তাঁদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁইয়া। এ নিয়ে চলতি মাসে কিডনি বিক্রি চক্রের ৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জয়পুরহাট পুলিশ।

সংবাদ সম্মেলনে মাছুম আহম্মদ ভূঁইয়া বলেন, আগে শুধু কালাই উপজেলার মানুষের কিডনি বিক্রি হতো। এখন অন্য উপজেলা থেকেও একই কাজ হচ্ছে। পাশের পাঁচবিবি উপজেলার মানুষও এ কিডনি দালালদের খপ্পরে পড়ছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৮ বা ১০ বছর আগে যাঁরা কিডনি বিক্রি করেছেন, তাঁদের অনেকেই এখন কিডনি বিক্রির দালালে রূপান্তরিত হয়েছেন। ১৪ মে এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা-পুলিশ। তাঁদের চারজনই আগে কোনো না কোনো সময় দালাল চক্রের পাল্লায় পড়ে কিডনি বিক্রি করেছিলেন।

দুই দিন আগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিষয়ে জয়পুরহাট থানা-পুলিশ বলছে, তাঁদের একজনের নাম আবদুল গাফফার সরকার। তাঁকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার সাকাহুত গ্রামে। অন্যজন হলেন নূর আক্তার। তাঁকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি কালাই উপজেলার জয়পুর বহুতি গ্রামে।

সংবাদ সম্মেলনে কিডনি পাচারের শিকার ছয়জনকে উপস্থিত করা হয়। তাঁদের কেউ কেউ ইতিমধ্যে কিডনি বিক্রি করেছেন। কেউ কিডনি বিক্রি করতে ভারতে গিয়ে এরপর পালিয়ে এসেছেন। একজন পাসপোর্ট করার সময় পুলিশের সন্দেহের মুখে পড়েন।