কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি মিয়া মো. ফেরদৌস (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (ডানে)
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিয়া মো. ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন। গতকাল রোববার ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে স্বতন্ত্র প্রার্থী মিয়া মো. ফেরদৌস ২৮৫ ভোট এবং সাধারণ সম্পাদক হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মিয়া মো. ফেরদৌস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ–সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী শাহ আজিজুল হক (২৩৪ ভোট) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মো. মনসুর আলমকে (২৩ ভোট) হারিয়ে জয়লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম আওয়ামী প্যানেল–সমর্থিত প্রার্থী শেখ শহীদুল ইসলাম ওরফে হুমায়ুনকে (২২১ ভোট) হারিয়ে জয়লাভ করেন।

জানা গেছে, নির্বাচনে ১৪টি পদের মধ্যে আওয়ামী প্যানেল থেকে ৯ জন বিজয়ী হয়েছেন। তবে তাদের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জিততে পারেনি। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদকসহ মোট চারজন জয়ী হয়েছেন।

আওয়ামী প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা হলেন দুই সহসভাপতি শরফুদ্দিন ভূঁইয়া (৩২২ ভোট) ও মুফতি মো. জাকির খান (২৩১ ভোট)। দুই সহসাধারণ সম্পাদক মো. আজিজুল হক (৩৬১ ভোট) ও মো. হাবিবুল হক ভূঞা (৩৪৯ ভোট)। বিজয়ী সদস্যরা হলেন মো. হাফিজ উদ্দিন (৩৯০ ভোট), মো. মিজানুর রহমান ভূঁইয়া (৩৫৫ ভোট), সুদীপ্ত সাহা দীপ (৩৫৩ ভোট), সাজ্জাদুল হক ভূঞা (৩৫২ ভোট) এবং মো. সুলতান উদ্দিন ভূঞা (৩৩২ ভোট)।

অন্যদিকে জাতীয়তাবাদী প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ জয় পেয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম সাজ্জাদুল হক (২৯০ ভোট), অডিটর পদে খন্দকার সাজবীন সুলতানা (৩৩৩ ভোট) ও লাইব্রেরি সম্পাদক পদে তানভীন হাছান (২৭৩ ভোট)।

মিয়া মো. ফেরদৌস এবার নিয়ে মোট ছয়বার সভাপতি নির্বাচিত হলেন। এর আগে দুবার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে রোববার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে ৫৭২ জন ভোটারের মধ্যে ৫৪৯ জন ভোট দিয়েছেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী আইনজীবী এস এম মাহবুবুর রহমান ফল ঘোষণা করেন।