কিশোর গ্যাংয়ের উত্থান নিয়ে শহরজুড়ে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরবে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে মহিউদ্দিন প্রবাল হত্যা মামলার প্রধান আসামি অন্তর মিয়া এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রবাল হত্যাকাণ্ডের পর অন্তরের নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের অপকর্ম নিয়ে ভুক্তভোগী অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তবে অন্তর ধরা না পড়ায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

গত মঙ্গলবার রাতে খুন হয় মহিউদ্দিন প্রবাল (১৭)। সে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। প্রবাল এবার স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। ভৈরবে তাদের একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তার পরিবার ওই হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় থাকে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয় প্রবাল। এরপর রাত ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার হয়।

ওই দোকানঘরটির মালিক জিল্লুর রহমান। তিনি অন্তর মিয়ার বাবা। বৃহস্পতিবার বিকেলে মামলা করেন নিহত প্রবালের বাবা হোসেন ভূঁইয়া। তাতে অন্তরকে প্রধান আসামি করা হয়েছে। মোট ছয়জনকে আসামি করেছেন হোসেন ভূঁইয়া। তাঁদের মধ্যে রয়েছেন অন্তরের দুই ভাই নয়ন মিয়া, অনিক মিয়াসহ বাবা জিল্লুর রহমান। তাঁরা ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার বাসিন্দা। আসামিদের কেউই এখনো ধরা পড়েনি।

হোসেন ভূঁইয়া বলেন, ‘অন্তর মূল খুনি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মামলা করতে আমি সময় নিয়েছি। কারণ, খেয়াল রেখেছি ভুলে কোনো নিরপরাধ ব্যক্তি যেন আসামি না হন। মূল খুনি অন্তর গ্রেপ্তার হলে স্বস্তি পেতাম।’

এদিকে প্রবাল হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। অনেকে অন্তরের নেতৃত্বাধীন বাহিনীর নানা অপকর্মকে সামনে আনছেন। তাঁদের মধ্যে রয়েছেন এই বাহিনীর হাতে ভুক্তভোগী ব্যক্তিরাও।

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড গুরুত্বপূর্ণ একটি স্থান। কয়েকটি কিশোর গ্যাং ওই এলাকায় সক্রিয় রয়েছে। ছিনতাই, নারী অপহরণ, চাঁদাবাজি, মাদক কেনাবেচাসহ নানা অপরাধ কর্মকাণ্ডের বেশির ভাগ সংঘটিত হয় কিশোর গ্যাংয়ের মাধ্যমে। সর্বশেষ প্রবাল হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাং নিয়ে আতঙ্কিত ভৈরব শহরবাসী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, অন্তরের নেতৃত্বাধীন বাহিনীর উত্থান তিন বছর আগ থেকে। এই বাহিনীর দাপটে ধীরে ধীরে অন্য বাহিনীগুলো দুর্বল হয়ে পড়ে। বাসস্ট্যান্ডের একক নিয়ন্ত্রণ চলে যায় অন্তরের বাহিনীর কাছে। এক বছর ধরে অন্তরের সঙ্গে প্রবালের সখ্য গড়ে ওঠে। কয়েক মাস আগে আবার সেই সম্পর্কের ফাটল ধরে। ইদানীং অন্তরকে এড়িয়ে চলত প্রবাল। প্রবাল অন্য একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।

মামলাটি তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম। তিনি বলেন, ‘আমরা প্রায় নিশ্চিত খুনটি হয়েছে অন্তরের নেতৃত্বে। সুতরাং, তাকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে। অন্তরকে ধরা গেলে খুনের রহস্য উন্মোচিত হয়ে যাবে।’