কিশোরকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রাখা হলো সড়কে
চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ তারেক (১৭) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করে সড়কের মাঝখানে লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দক্ষিণ মার্দাশা ইউনিয়নের বাইন্নাপাড়া এলিট সিটি এলাকার দাতারাম সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তারেক নোয়াখালীর হাতিয়া উপজেলার মুহাম্মদ বিল্লালের ছেলে। তবে সে ছোটবেলা থেকে মা–বাবার সঙ্গে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বোয়ালীকুল সাইনর্বোড এলাকার কলোনিতে থাকত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারেকের নতুন কেনা ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, অটোরিকশা ছিনতাই হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারা এ বিষয়ে খোঁজ নিচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে তারেককে অটোরিকশাটি চালাতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তারেকের মা–বাবা সকালে হাতিয়ায় গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ায় তার পরিবারের কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
দক্ষিণ মার্দাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, এক মাস আগে তারেকের বাবা তাকে নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছিলেন। এর এক মাস পর তাকে গলা কেটে হত্যা করা হলো।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ সারোয়ার্দী বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, তারেকের অটোরিকশাটি ছিনতাই হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নন তিনি। অটোরিকশা ছিনতাইয়ের জন্য এ রকম হত্যাকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয়। এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।