কিশোরকে পেটালেন ছাত্রলীগ নেতা
লালমনিরহাটে এমদাদুল হক (১৩) নামের এক কিশোরকে পেটানোর অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার এক আসামি মিঠু মিয়াকে (৩৬) আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বাবুসহ তিনজন বাজার থেকে খোয়া যাওয়া একটি বাইসাইকেলের বিষয়ে এমদাদুলের কাছে জানতে চান। এমদাদুল এ ব্যাপারে কিছু জানে না বললে তাঁরা তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা করেন। তার চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে তাঁরা তাকে সেখানে রেখে চলে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে এমদাদুল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় বুধবার দুপুরে আহত এমদাদুল হকের মা আঞ্জু বেগম বাদী হয়ে মহিষখোঁচা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বাবুসহ তিনজনকে আসামি করে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ এ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি আদিতমারী উপজেলার বালাপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে মিঠু মিয়াকে গ্রেপ্তার করেছে।
এমদাদুলের মা আঞ্জু বেগম বলেন, ‘মোর স্বামী নাই, মুই মানুষের বাড়িত কাজ করি সংসার চালাই। এমদাদুল এটাসেটা কাম করিয়া কষ্ট করিয়া পড়াশুনা করিবার নাগছে। ওমরা ওমার বাইসাইকেল কি হইছে তা জানবার চায়া মোর ছাওয়াটাক গাছত বান্দিয়া এদন করি পিটিয়া আহত করলো বাহে। হামরা গরিব মানুষ বলি কি বিচার পামো না।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মিঠু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বুধবার রাতে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার বলেন, আশিক বাবুর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিষখোঁচা ইউনিয়ন ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
আশিক বাবুর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।