কিশোরগঞ্জে আগুনে পুড়ে গেল ১১ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক রাতের আগুনে ১১টি দোকান ভস্ম হয়ে গেছে। আজ সকালে ধ্বংসস্তুপের ভেতর থেকে তুলনামূলক কম ক্ষতিগ্রস্থ জিনিসগুলো উদ্ধারের চেষ্টা করছেন ব্যবসায়ীরা
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জ শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার ভোররাত চারটার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের পাশে শহরের একরামপুর সিএনজিস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ ভোররাতে একরামপুর সিএনজিস্ট্যান্ড-সংলগ্ন এলাকার একটি ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, টিভি মেরামতের দোকান, সেলুন, ফলমূলের দোকান, জ্বালানি তেল ও খেলনাসামগ্রীর অন্তত ১১টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, করিমগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী দোকানমালিক আরিফুল ইসলাম ও সজল দেবনাথ অভিযোগ করেন, এই অগ্নিকাণ্ডের কারণে সব মিলিয়ে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে
ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাজারের ১১টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।