কিশোরগঞ্জে ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০টি ইয়াবা বড়িসহ এনামুল হক নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যায় সদরের সিদ্ধেশ্বরী রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এএসআই এনামুল হক গাজীপুরের কাপাসিয়া এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত।

পুলিশের একটি সূত্র জানায়, এনামুল হক এর আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। পরে সেখান থেকে বছরখানেক আগে তাঁকে ইটনা থানায় বদলি করা হয়। তিনি কিছুদিন আগে চিকিৎসাজনিত ছুটি নিয়েছিলেন। তবে ছুটির মেয়াদ শেষ হলেও তিনি এখনো ইটনা থানায় যোগদান করেননি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা ও একটি বিভাগীয় মামলা হয়েছে। তিনি বলেন, আইন সবার জন্য সমান। পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে আসছে। অপরাধী যেই হোক, তাঁকে তাঁর প্রাপ্য শাস্তি ভোগ করতে হবে। এতে কাউকেই ছাড় দেওয়া হবে না।