কিশোরগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে চার দিনে মারা গেলেন ৪৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চার দিনে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তাঁরা কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। এদিকে জেলায় নতুন করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ বুধবার সকালে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, জেলার করোনা চিকিৎসার একমাত্র বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের চার দিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৮ জন মারা গেছেন। এর মধ্যে ১৩ জন করোনায় ও অন্য ৩৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবারের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাঁরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জুবেদা আক্তার (৮০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানিক পাল (৮০)।

মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, সোমবার করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

সোমবার প্রতিবেদন অনুযায়ী, রোববার হাসপাতালটিতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন হলেন সদর উপজেলোর ৬০ বছরের এক নারী ও বাজিতপুর উপজেলার ৫০ বছর বয়সী এক নারী। তবে তাঁদের নাম জানা যায়নি।

রোববার প্রতিবেদন অনুযায়ী, শনিবার হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জন মারা যান। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচজন ও অন্য ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের  করোনা ইউনিটে বর্তমানে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৯৭ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২৮ জন ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় দুজন এবং করোনার উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

সর্বশেষ মঙ্গলবার রাতে সিভিল সার্জন মো. মুজিবুর রহমানের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত জেলায় ৬৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে জেলায় মোট ৪৬ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ১৫৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৪ জন রয়েছেন। এ ছাড়া ভৈরবে ৩৩ জন, হোসেনপুরে ৫, তাড়াইলে ১, পাকুন্দিয়ায় ২০, কটিয়াদীতে ১১ , কুলিয়ারচরে ৪, নিকলীতে ২, বাজিতপুরে ২৫, ইটনায় ২ ও অষ্টগ্রামে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৮২২ জন সুস্থ এবং মারা গেছেন ১৬৩ জন।