কিশোরগঞ্জে কালবৈশাখীতে পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের চাল উড়ে গেছে। রোববার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের কারবালা এলাকায়
ছবি: প্রথম আলো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

এলাকাবাসীর ভাষ্য, ৮ থেকে ১০ মিনিটের ঝড়ে অসংখ্য কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে অসংখ্য গাছ। মাঠে থাকা পাকা ধান, ভুট্টা ও কাঁচা মরিচের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা সরঞ্জাবাড়ী ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কারবালার ডাঙ্গা, নগরবন গ্রামের এই ঝড় বয়ে যায়।

মাত্র ১০ মিনিটের ঝড়ে গ্রামে অসংখ্য আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান নগরবন গ্রামের আমীর হোসেন।

বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রুবেল হোসেন ও আমেনা বেগম জানান, ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের আধা পাকা একটি ঘরের চাল উড়ে গেছে। এ সময় সাত থেকে আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে একটি গাছ উপড়ে সড়কের ওপর পড়েছে। রোববার কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামে
ছবি: প্রথম আলো

ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কাছে ক্ষয়ক্ষতির তালিকা চাওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর ই আলম সিদ্দিকী বলেন, উপজেলার নদীপ্রবণ এলাকা দিয়ে শনিবার রাতে ঝড় বয়ে গেছে। ঝড়ে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর সরকারি খরচে মেরামত করা হবে।