কিশোরগঞ্জে খুনের মামলায় চারজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের করিমগঞ্জে খুনের মামলায় আদালত দুই সহোদরসহ চারজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আবদুল কাদিরের ছেলে কাশেম ও মো. নজরুল, একই গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন ও মৃত শুকুর মাহমুদের ছেলে ছাত্তার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিংগুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আবদুল কাদিরের ছেলে সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, আবদুল বারীর ছেলে কান্তু মিয়া ও আসনপুর গ্রামের মৃত চানফরের ছেলে শাহেদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল রাতে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আবদুর রহমান আমিনের বাড়িতে ডাকাতি করার জন্য প্রবেশ করেন আসামিরা। এ সময় আবদুর রহমানকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাঁর স্ত্রী নূরুন্নাহারকেও ছুরিকাঘাত করেন আসামিরা। পরে ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যান তাঁরা। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে আবদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নূরুন্নাহার বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি সিআইডির এএসপি রফিকুল ইসলাম আটজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।