কিশোরগঞ্জে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কিশোরগঞ্জে বেড়াতে এসে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রাকিব (২০) ও রুবেল (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূর মামা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় গ্রেপ্তার দুজনসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। মামলার অপর দুই আসামি হচ্ছেন রিয়াদ (২৫) ও সানি (৪০)। তাঁদের মধ্যে রাকিব ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মো. হাসমত আলীর ছেলে। রুবেল কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রলপাম্প এলাকার রমজান মিয়ার ছেলে, রিয়াদ কিশোরগঞ্জ সদরের গাইটাল নামাপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং সানি সদর উপজেলার পুরান বৌলাই সাহেববাড়ি এলাকার মৃত জমশেদ মিয়ার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ওই গৃহবধূর স্বামীর বাড়ি চাঁদপুরে। সম্প্রতি তিনি বাবার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইলে এসেছিলেন। সোমবার পরিচিত এক ব্যক্তির সঙ্গে কিশোরগঞ্জে বেড়াতে আসেন। রাত সোয়া ১২টার দিকে নান্দাইল যাওয়ার জন্য পরিচিত আরেকজনসহ তাঁরা সিএনজিতে করে রওনা হন। কিশোরগঞ্জ সদরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে গৃহবধূকে সিএনজিতে রেখে সঙ্গে থাকা দুজন হোটেলে নাশতা করতে যান। এ সময় গৃহবধূকে একা সিএনজিতে দেখে রাকিব, রুবেল, রিয়াদ ও সানি সেখানে গিয়ে এলোমেলো কথা বলতে থাকেন। গৃহবধূর পরিচিত দুজন এগিয়ে গেলে তাঁদের মারপিট করে, চালককে ভয় দেখিয়ে তাঁরা সিএনজিতে করে গৃহবধূকে গাইটাল নামাপাড়া জামতলা মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে রিয়াদ ও সানি গৃহবধূকে ধর্ষণ করেন। সেখান থেকে সিএনজি নিয়ে চালক দ্রুত কাটাবাড়িয়া এলাকায় গিয়ে টহলরত পুলিশ সদস্যদের ঘটনাটি জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে রাকিব ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।