কিশোরগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগের সাবেক নেতা খুন, একজন আটক
কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নাজমুল হুদা নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।
নিহত নাজমুল হুদা কান্দাইল কামারহাটিয়া গ্রামের মজলু মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। নাজমুল হুদা ঢাকায় থাকতেন। ঈদে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গ্রামীণ মেলায় স্থানীয় দুই শিশুর ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে কান্দাইল গ্রামে সালিস বসে। সালিস থেকে ফেরার পথে কয়েকজন যুবক নাজমুলের ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।