কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কিশোরগঞ্জে চাঁন মিয়া (৪০) নামের এক ব্যক্তি তাঁর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
চাঁন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামের রাজু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আঙ্গুর মিয়া গা ঢাকা দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে আজ সন্ধ্যার দিকে বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে আঙ্গুর মিয়া বড় ভাই চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।