কিশোরগঞ্জে জেলা আ.লীগের দুই নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে দল থেকে তাঁদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তা ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অব্যাহতি পাওয়া ওই দুই নেতা হলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবু নাসের ফারুক এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।
আজ শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় গঠনতন্ত্রের ৪৭-এর ৯ উপধারা অনুযায়ী তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ অব্যাহতি দেওয়া নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
কার্যকরী কমিটির সভা ছাড়া সম্পাদকমণ্ডলীর আমাকে বহিষ্কার করার কোনো এখতিয়ার নেই।
দলীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ এফ এম ওবায়দুল্লাহ পদত্যাগ করায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন সম্মেলনসহ কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম না করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ নূর মোহাম্মদকে নির্দেশ দেন। তবে নির্দেশ অমান্য করে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করেন সাংসদ নূর মোহাম্মদ।
এসব সম্মেলনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় আবু নাসের ও শহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি চিঠি দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া আবু নাসের ফারুক বলেন, তিনি এখনো চিঠি পাননি। তবে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে জেনেছেন। তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো কার্যক্রম করেননি বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি কেন্দ্রে যোগাযোগ করবেন বলে জানান।
অব্যাহতি পাওয়া শহিদুল ইসলাম বলেন, কার্যকরী কমিটির সভা ছাড়া সম্পাদকমণ্ডলীর তাঁকে বহিষ্কার করার কোনো এখতিয়ার নেই।