কিশোরগঞ্জে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে পুকুর থেকে মো. অলিউল্লাহ (১০) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই আজিম বাজার এলাকার আজিম হাজি দারুল উলুম মাদ্রাসাসংলগ্ন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত অলিউল্লাহ ওই মাদ্রাসার নূরানী শাখার ছাত্র। সে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে অলিউল্লাহকে মাদ্রাসায় দেখা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে মাদ্রাসাসংলগ্ন পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অলিউল্লাহর লাশ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার তিন শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।