কিশোরগঞ্জে বাড়ির পাশে পড়ে ছিল তরুণের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর নাম মুবিন মিয়া (১৭)।
পুলিশ ও এলাকাবাসী জানান, মুবিন কালিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি ভৈরবের একটি দোকানের কর্মচারী। মঙ্গলবার রাত ১০টার পর তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজ করেও সন্ধান করতে পারেননি। এই অবস্থায় বুধবার রাত ৯টার দিকে বাড়ির পেছনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
লাশ উদ্ধারে নেতৃত্ব দেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান। তিনি বলেন, ‘বুকের এক পাশ পোড়া। দেখে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।’
মুবিনের বাবা আনোয়ার হোসেন বলেন, তাঁর জানামতে, ছেলের কোনো শত্রু ছিল না। ছেলে কীভাবে মারা গেল, তিনি ধারণা করতে পারছেন না।