কিশোরগঞ্জে ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ঢাকা কলেজের ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এহসানুল ইসলাম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে অষ্টগ্রামে ভ্যানের ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় অষ্টগ্রাম-মিঠামইন সড়কের অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাইশমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম এহসানুল ইসলাম (২৬)। তিনি ভৈরব পৌর শহরের ভৈরবপুরের আবু তোরাবের ছেলে। এহসানুল ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঠিকাদারি করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় এহসানুল মোটরসাইকেল নিয়ে মিঠামইনের দিকে যাচ্ছিলেন। পথে বাইশমিটার এলাকায় পৌঁছালে একটি ভ্যান এহসানুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে যান। পরে পথচারী তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসকেরা এহসানুলকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই এহসানুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আবার অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দফায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা এহসানুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, এহসানুলের পায়ের হাড় ভেঙে শরীর থেকে বের হয়ে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাস বলেন, ‘আমরা কয়েকজন তখন ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলাম। তখন দেখি ওই যুবক রাস্তার পাশে পড়ে কাতরাচ্ছেন। গায়ের চাদর দিয়ে চেষ্টা করেও রক্তক্ষরণ বন্ধ করা যায়নি।’

জানতে চাইলে অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই এহসানুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্যান নিয়ে চালক পলাতক। একজন কিশোর ওই ভ্যান চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।