কিশোরগঞ্জে হত্যাসহ ১২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে আবু হানিফ হাছু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের ধনাইল শ্যামনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকার মৃত নূরু মিয়ার ছেলে। তাঁর নামে হত্যা, ডাকাতি, অপহরণ, ভূমিদস্যুতা, সন্ত্রাস, অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। পুলিশ বলছে, হানিফের নেতৃত্বে এলাকায় একটি অপরাধী চক্র রয়েছে, যেটি ‘হাছু বাহিনী’ নামে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে চারটায় সশস্ত্র অবস্থায় আবু হানিফ পাশের হোসেনপুর উপজেলার চরপুমদী এলাকায় নিজের মৎস্যখামারে যান। এ খবর পেয়ে প্রতিপক্ষের ১০–১২ জনের একটি দল তাঁর ওপর চড়াও হয়। এ সময় হানিফ দৌড়ে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। তবে ধনাইল শ্যামনগর গ্রামের মদিনা স মিল এলাকায় তাঁকে ঘেরাও করে প্রতিপক্ষ। তাঁকে এলোপাতাড়ি কোপানো শুরু করে তারা।

ধারালো অস্ত্রের আঘাতে হানিফের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পা–সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় হানিফকে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল পৌনে নয়টায় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।