কিশোরগঞ্জের হাওরের বন্যার্তদের ত্রাণ দিল বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওরের বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। বুধবার মিঠামইন উপজেলার আতপাশা এলাকায়
ছবি: প্রথম আলো

হাওর–অধ্যুষিত মিঠামইন ও ইটনা উপজেলায় বানভাসি ৫০টি বাড়িঘরে নৌকায় করে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কিশোরগঞ্জ বন্ধুসভা। পরিবারগুলোর মাঝে গুড়, চিড়া–মুড়ি, বিস্কুট, মোমবাতিসহ কয়েক ধরনের শুকনো খাবার, ওষুধ ও খাওয়ার স্যালাইন বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা।

গতকাল বুধবার কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা তাফসিলুল আজিজের নেতৃত্বে জেলা শহর থেকে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নৌকায় করে প্রত্যন্ত হাওরাঞ্চলে যান বন্ধুসভার সদস্যরা।

তাঁরা দিনব্যাপী মিঠামইন উপজেলার আতপাশা, গোবিন্দপুর, চকেশ্বর, মামুদপুর ও ঢাকি এবং ইটনা উপজেলার এলংজুড়ি, নয়ানগর ও জয়সিদ্ধি এলাকায় নৌকায় করে পানিবন্দী মানুষের ঘরবাড়িতে গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেন।

তিন-চার দিন ধরে খেয়ে না–খেয়ে মানবতের জীবন যাপন করছেন মামুদপুর এলাকার ষাটোর্ধ্ব নারী আলেক বানু। বন্ধুসভার ত্রাণের নৌকা দেখামাত্র কোমরপানি ভেঙে ছুটে আসেন তিনি। ত্রাণ পেয়ে খুশিতে প্রায় কেঁদে ফেলেন এই বয়স্ক নারী।

দিনে পাশের গ্রামে স্বজনের বাড়িতে থাকলেও রাতে চোরের ভয়ে বাধ্য হয়ে স্বামীকে নিয়ে ডুবে যাওয়া ঘরে এসে থাকেন আলেক বানু। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবা, কত কষ্টে যে আছি, বলে বোঝাতে পারব না। খাবার তো দূরে থাক, কেউ খোঁজ নিতেও আসেনি।’

মিঠামইনের আতপাশা এলাকার জিল্লু মিয়া ও সালেকা দম্পতির ঘরে কোমরপানি। আসবাব ডুবে যাওয়ায় ঘরের ভেতর মাচা তৈরি করে রাতে সেখানে ঘুমান। দিনের বেশির ভাগ সময় দুই শিশুসন্তানকে নিয়ে ডিঙিনৌকায় এদিক–সেদিক ঘুরে বেড়ান।

আরও পড়ুন

জিল্লু মিয়া বলেন, আশপাশে তাঁদের আত্মীয়ের বাড়ি নেই। তাই অনেক কষ্ট করে ডুবে যাওয়া ঘরে মাচা তৈরি করে থাকতে হচ্ছে।

এত দুর্ভোগের পরও কেউ সহায়তার হাত বাড়িয়ে দেননি জানিয়ে জিল্লু মিয়া বলেন, অল্প হলেও এ খাবার পেয়ে খুব খুশি তাঁরা।

ত্রাণসামগ্রী বিতরণকালে ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তাফিজ মারুফ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য সুপ্রতীক সরকার উৎসসহ বন্ধুসভার সদস্যরা।

বন্যা শুরুর পর থেকে হাওরের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের খাবার দেওয়াসহ নানাভাবে সহায়তা করে আসছেন জানিয়ে মোস্তাফিজ মারুফ বলেন, বুধবার দিনব্যাপী হাওরের বিভিন্ন জায়গার পানিবন্দী ৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবারসহ ওষুধ বিতরণ করা হয়েছে। আগামী শনি ও রোববারে জেলার বিভিন্ন এলাকার বানভাসিদের মধ্যে আবারও ত্রাণসামগ্রী বিতরণ করবেন তাঁরা।