কিশোরী গৃহকর্মীকে নির্যাতন: সেই দম্পতিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান
বরিশালে কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ওষুধ কোম্পানির কর্মকর্তা মেজর (অব.) আকিমুল ইসলাম ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছে পুলিশ। নগরের কলেজ রোডে আজ শনিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তির বাসা ও তাঁর কর্মস্থলে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। তবে ওই দম্পতি আত্মগোপন করায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল কবির বলেন, ‘নির্যাতনের মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। তবে কলেজ রোড এলাকায় প্রথমে আকিমুলের বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পরে তাঁর কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি। আমরা আকিমুলের সহকর্মীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’
নির্যাতনের শিকার ওই কিশোরীকে চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আজ শনিবার প্রথম আলোর প্রিন্ট সংস্করণে ‘নির্যাতন সইতে না পেরে পালাল কিশোরী, মামলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ জানায়, ওই কিশোরীর নাম মিম (১৫)। বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তুলসিপুর খ্রিষ্টান কলোনিতে। শৈশবে তার মা-বাবা মারা যান। এরপর চাচা-চাচির কাছে মানুষ হয় সে।
সাত বছর আগে আমাকে আকিমুল ইসলামের বাসায় কাজে দেওয়া হয়। কাজে সামান্য ভুল করলে আমাকে মারধর করা হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না। বাসার মধ্যে আটকে রেখে প্রায় দিনই তাকে মারধর করা হতো। গলা টিপে ধরা হতো। আমার শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ হয়ে গেছে।
ওই কিশোরীকে উদ্ধারের ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়কের পাশে ওই কিশোরী দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় আরিফ মোল্লা নামের এক রিকশাচালক তার কান্না দেখে এগিয়ে যান। তিনি কান্নার কারণ জানতে চাইলে কিশোরী তার ওপর নির্যাতনের ঘটনা জানায়। এরপর আরিফ মোল্লা ওই কিশোরীকে তাঁর বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাঘিয়া শাহপরান সড়কের ভাড়াবাসায় নিয়ে রাতটা রাখেন। শুক্রবার সকালে কিশোরীকে নিয়ে নগরের বিমানবন্দর থানায় যান রিকশাচালক আরিফ। পরে সেখান থেকে দুপুরে তাকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল নগরীর কলেজ রোড এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবসরপ্রাপ্ত মেজর আকিমুল ইসলাম বর্তমানে কলেজ রোডের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেমিস্ট ল্যাবরেটরিজের চিফ অপারেশন অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মরত। ওই রোডেই তাঁর বাসা। সেখানেই গৃহপরিচারিকার কাজ করত মিম।
মিম প্রথম আলোকে বলে, সাত বছর আগে তাকে আকিমুল ইসলামের বাসায় কাজে দেওয়া হয়। কাজে সামান্য ভুল করলে তাকে মারধর করা হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না। বাসার মধ্যে আটকে রেখে প্রায় দিনই তাকে মারধর করা হতো। গলা টিপে ধরা হতো। আকিমুল ও তাঁর স্ত্রী শিমু দুজনই তাকে মারধর করতেন। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ হয়ে গেছে।
মিম আরও বলে, বৃহস্পতিবার ওই বাসায় টিভি সারানোর মেকানিক আসেন। ওই সময় সুযোগে পেয়ে সে কৌশলে বাসা থেকে পালিয়ে আসে।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আকিমুল ইসলাম শুক্রবার দুপুরে বলেন, ‘মেয়েটি মানসিক ভারসাম্যহীন। তার কাজকর্মে কোনো মন ছিল না। তাকে বারবার বলেও কোনো কাজ করানো যেত না। আমার সন্তানদের সঙ্গে সে খারাপ আচরণ করত। গতকাল পালিয়ে গিয়ে এখন মারধরসহ নানা রকমের মিথ্যা অভিযোগ করছে।’
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কোতোয়ালি থানা-পুলিশের এসআই শাহজালাল কবির বলেন, ওই কিশোরীর শরীরে নির্যাতনের আলামত আছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিমুল করিম বলেন, ‘কিশোরীর অভিযোগগুলো আমরা শুনেছি। শুক্রবার সন্ধ্যায় এজাহার হিসেবে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। নির্যাতনের ধারায় দায়ের হওয়া মামলায় বাদী হয়েছে সে। আসামি করা হয়েছে গৃহকর্তা আকিমুল ইসলাম ও তাঁর স্ত্রী শিমু পারভীনকে।’