কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি কচুয়া উপজেলার একটি গ্রামে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিদ্দিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ২০২০ সালের ১৫ মার্চ রাতে বাবা মেয়েকে ধর্ষণ করেন। মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে। পরে মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে একই বছরের ৩১ মে অভিযুক্ত ব্যক্তির নামে আদালতে তিনি অভিযোগপত্র জমা দেন।

আইনজীবী ছিদ্দিকুর রহমান বলেন, বাদীপক্ষের সাতজন ও আসামিপক্ষের তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইফতেখারুল ইসলাম।