কিশোরীকে অপহরণের সময় অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক কিশোরীকে অপহরণের সময় অস্ত্র, গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. দুলাল হোসেন (৩৫) নামের ওই যুবকের বাড়ি উপজেলার চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লারচর এলাকায়। গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন বছর ধরে এক কিশোরীর সঙ্গে প্রেম করছিলেন দুলাল হোসেন। সম্প্রতি ওই কিশোরী জানতে পারেন দুলাল একজন সন্ত্রাসী। সে কারণে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় ওই কিশোরী। এতেই ক্ষিপ্ত হন দুলাল। গতকাল সন্ধ্যার দিকে তিনি অস্ত্র নিয়ে কিশোরীর বাড়িতে যান। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। অপহরণ করে নিয়ে যাওয়ার পথে উপজেলার দরজিপাড়া মোড়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করে।
জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, ওই কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা এবং পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা করে।