কিশোরীকে আড়াই মাস আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণের পর প্রায় আড়াই মাস আটকে রেখে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে মামলা হয়েছে। ওই ছাত্রী বাদী হয়ে গতকাল রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করে। তবে এই মামলায় পুলিশ আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুল্লাহ আল-মামুন, মো. কামাল, মো. নাছের ও মো. ফরহাদ নামের চারজন চলাচলের পথে কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গত ২৬ আগস্ট সকালে আবদুল্লাহ আল-মামুনসহ চারজন মেয়েটিকে অপহরণ করে পাশের সেনবাগ উপজেলার একটি বাড়িতে আটকে রাখেন। এরপর সেখানে কামাল ও মামুন কিশোরীকে ধর্ষণ করেন।

মামলায় কিশোরী অভিযোগ করেছে, আসামিরা সেনবাগ থেকে গত ২৮ সেপ্টেম্বর তাকে টাঙ্গাইলের শহিদপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে চার আসামি ছাড়াও অপরিচিত ব্যক্তি ধর্ষণ করেন। আসামিরা ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন বলে ছাত্রীর অভিযোগ। মেয়েটি জানায়, গত সপ্তাহে মেয়েটি কৌশলে পালিয়ে এসে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে রোববার রাতে থানায় মামলা করে মেয়েটি।

মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, নির্যাতনের শিকার ছাত্রী গতকাল রাতে তাঁর মামার সঙ্গে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

ওসি মীর জাহিদুল হক বলেন, ওই ছাত্রীর অপহৃত হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে গতকাল তিনি জানতে চাইলে মেয়েটি বলেছে, অপহরণের পর ধর্ষণের ভিডিও ধারণ করায় এবং ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় সে কিংবা তার পরিবার থানায় অভিযোগ করেনি।

আজ দুপুরে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক দল অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে।