কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতনের শিকার মেয়েটির বয়স ১৭ বছর। তাকে আজ বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ ও পরিবারটির সদস্যরা জানান, ওই ব্যক্তি কয়েক বছর আগে ওই কিশোরীর মাকে বিয়ে করেন। এরপর ওই কিশোরী বেশির ভাগ সময় মায়ের সঙ্গে রবিনের বাড়িতে বসবাস করত। ১০ মার্চ সকালে কিশোরীর মা ঘরে ছিলেন না। কিশোরীকে একা পেয়ে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরী গতকাল থানায় এসে মামলা করেন। মামলা হওয়ার পর পুলিশ রাত নয়টার দিকে বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কিশোরী বলে, ধর্ষণের পর তাকে চুপ থাকতে বলা হয়, অন্যথায় হত্যার হুমকিও দেওয়া হয়।

মামলাটি তদন্ত করছেন ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি বলেন, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। তিনি মাদক সেবনও করেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও একবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিশোরী পুলিশকে জানিয়েছে, ধর্ষণের আগে তাকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই ব্যক্তি।