কিশোরীকে শিকল দিয়ে আটকে রাখার ভিডিও ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর বয়সী এক কিশোরীকে শিকল দিয়ে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রেম করে বিয়ে করার অপরাধে ওই কিশোরীর পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের একটি গ্রামে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বসতঘরের খাটের পায়ার সঙ্গে শিকল দিয়ে ওই কিশোরীকে বেঁধে রাখা হয়েছে। তাকে এক ব্যক্তি বিভিন্ন প্রশ্ন করছেন। তখন ওই কিশোরী বলে, সে স্বামীর বাড়ি চলে যাওয়ায় তার বাবা তাকে এভাবে শিকল দিয়ে আটকে রেখেছেন। তবে তার বাবা প্রশ্নকারীকে বলেন, মেয়ে পাগলামি করে, তার মা ও ভাই-বোনকে মারধর করে। তাই তাকে বেঁধে রেখেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের একটি গ্রামের ওই মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে এলাকার আহাম্মদ আলী (২১) নামের এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ অক্টোবর তাঁরা দুজন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন।

বিয়ের পর তাঁরা আহাম্মদ আলীর খালার বাড়িতে আত্মগোপনে থাকেন। দুই দিন পর পরিবার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁদের উদ্ধার করে।

আহাম্মদ আলীর পরিবার ওই কিশোরীকে বউ হিসেবে ঘরে তুলতে চাইলেও কিশোরীর পরিবার এতে রাজি হয় না। তাই কিশোরীর বাবা ক্ষিপ্ত হয়ে গত ৩ নভেম্বর সখিপুর থানায় আহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর পুলিশ আহাম্মদ আলীকে গ্রেপ্তার করে শরীয়তপুর আদালতে পাঠায়।

আদালতে আহাম্মদ আলী ও ওই কিশোরীকে হাজির করলে বিচারক তাঁকে (আহাম্মদ আলী) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বামীকে কারাগারে পাঠানোর কথা শুনে কিশোরী অসংলগ্ন আচরণ শুরু করে। সে চিৎকার–চেঁচামেচি শুরু করে। পরে বিচারক কিশোরীকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৪ নভেম্বর কিশোরী আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজত থেকে মা–বাবার কাছে জামিনে আসে। এরপর তার পরিবার বসতবাড়ির শোবার ঘরের একটি কক্ষে খাটের সঙ্গে তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে এলাকার এক ব্যক্তি বিষয়টি ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেন। ৮ ডিসেম্বর ওই ভিডিও প্রথম ফেসবুকে দেখা যায়। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ওই কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়েকে সব সময় শিকল দিয়ে বাঁধি না। মেয়েকে দিনরাত দেখে রাখি। তা না হলে আহাম্মদ আলীর বাড়িতে চলে যায়। শুধু পাগলামি করে। তাই একদিন দুষ্টুমি করে হাতে শিকল দিয়ে বাঁধি। কারা যেন সেই শিকল দিয়ে বাঁধা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে।’ তিনি দাবি করেন, আহাম্মদ আলী মাদকাসক্ত। তাই ওর কাছে মেয়ে দিতে চাচ্ছি না।

আহাম্মদ আলীর মা সুরতনেছা বলেন, ‘দুজনে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছে। বিষয়টি আমরা জানতাম না। পরে জেনেছি। ছেলে যেহেতু ভুল করে ফেলেছে তাই মেয়েটিকে বউ হিসেবে ঘরে তুলতে চাই। কিন্তু তার পরিবার রাজি নয়। তাদের কারণে আমার ছেলে জেল খাটছে। মেয়েটিকেও শিকল দিয়ে বেঁধে নির্যাতন করছে।’

চরকুমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আকতার সরদার বলেন, ‘আহাম্মদ আলী ও ওই কিশোরী পালিয়ে বিয়ে করেছে। তারা একসঙ্গে সংসার করতে চাইলেও মেয়ের পরিবার রাজি নয়। আর মেয়ের বয়স অল্প হওয়ায় আমরাও কিছু করতে পারছি না। তবে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি।’

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, ‘ওই কিশোরীর বাবা বাদী হয়ে আহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এরপর কী হয়েছে, তা আমরা জানি না।’

ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বলেন, ‘এক কিশোরীকে শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। তার পরিবারকে এ ধরনের আচরণ না করতে সতর্ক করা হয়েছে।’