কিশোরীদের ছবি তোলাকে কেন্দ্র করে হামলা, তিনজন গুলিবিদ্ধসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঈদে বেড়াতে বের হওয়া দুই কিশোরীর (১৫) ছবি তোলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জের ধরে বখাটেদের হামলায় তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলার মির্জানগর গ্রামের মো. বেচু মিয়া (৫০), তাঁর ছেলে মো. নুর নবী (১১) ও মধুপুর গ্রামের আবদুর রবের ছেলে মো. হাসান (২৬) গুলিবিদ্ধ হন। আহত অন্য দুজন হলেন মির্জানগর গ্রামের আবুল খায়েরের ছেলে আবুল হোসেন (৪১) ও মধুপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৪০)। ছররা গুলিতে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পূর্ব মধুপুর গ্রামের দুই কিশোরী বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় একই ওয়ার্ডের পশ্চিম মধুপুর গ্রামের কয়েকজন বখাটে ছেলে তাদের মুঠোফোনে দুই কিশোরীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং উত্ত্যক্ত করে। বিষয়টি পূর্ব মধুপুরের কয়েকজন তরুণের নজরে পড়লে তাঁরা পশ্চিম মধুপরের ছেলেদের ছবি তুলতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উত্ত্যক্তের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে তাদের স্বজনদের জানালে তাঁরা এসে অভিযুক্ত ছেলেদের শাসিয়ে যান।

সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর রাত আনুমানিক আটটার দিকে পশ্চিম মধুপুরের বখাটে অস্ত্রধারী কালু, বিজয়, শাকিল, বাহারের নেতৃত্বে ১৫-২০ জন দল বেঁধে পূর্ব মধুপুর গ্রামে এসে কিশোরীদের আত্মীয়স্বজনদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে পুলিশ গিয়ে হামলাকারীদের কাউকে পাইনি। ছররা গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।