কিশোরের বড়শিতে ২৫ কেজির দুই কোরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাতে মাছ দুটির দাম হাঁকা হয়েছিল ২০ হাজার টাকা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে এক কিশোরের বড়শিতে বড় আকৃতির এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন ১২ কেজি, আরেকটির ওজন ১৩ কেজি। গতকাল সোমবার সন্ধ্যায় নাফ নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের নদী বিলাসের জেটিতে মাছ দুটি ধরা পড়ে। টেকনাফ পৌরসভার পুরোনো পল্লানপাড়ার বাসিন্দা উদজাল মিয়ার ছেলে মোহাম্মদ রায়হান (১৪) বড়শি দিয়ে মাছ দুটি শিকার করে।

পরে রায়হান মাছ দুটি বিক্রির জন্য পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড সড়কের ধারে ফুটপাতে নিয়ে আসে। ওই সময় সে মাছ দুটির দাম হাঁকে ২০ হাজার টাকা। তবে গতকাল রাতে রায়হান কাঙ্ক্ষিত দামে মাছ দুটি বিক্রি করতে পারেনি। রায়হান জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় সে মাছ দুটি বিক্রি করতে টেকনাফ বড় বাজারে বসবে।

রায়হান জানায়, তাঁর বাবা অসুস্থ থাকায় সে নিজেই প্রতিদিন মাছ ধরতে যায়। আগে শ্রমিক হিসেবে দৈনিক মজুরিতে মাছ ধরতে যেত। তবে এখন সাগরে মাছ ধরা বন্ধ। তাই প্রতিদিন বড়শি নিয়ে সে নাফ নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের নদী বিলাসের জেটিতে মাছ ধরতে যায়। প্রতিদিনের মতো গতকাল বিকেলে সে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিল। তবে দফায় দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। পরে সন্ধ্যার দিকে সে আবার বড়শি নিয়ে শিকারে নামে। এ সময় প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে বড়শিতে দুটি কোরাল মাছ ধরা পড়ে।

রায়হান মাছ দুটি বিক্রির জন্য পুরোনো বাসস্ট্যান্ড সড়কের ধারে ফুটপাতে বসলে স্থানীয় ব্যবসায়ী সুলতান আহমদ প্রতি কেজি ৭০০ টাকা হিসাবে ২টি মাছের দাম মোট ১৭ হাজার ৫০০ টাকায় কিনতে চান। তবে রায়হান ২০ হাজার টাকার নিচে মাছ ২টি ছাড়তে রাজি ছিল না। রায়হান বলে, ‘দুটি মাছ বিক্রি করে কিছু টাকা বাবার চিকিৎসার জন্য ব্যয় করব। মাছ দুটি বরফ দিয়ে ফিশারিজে রাখা হয়েছে। আজ বিকেলে প্রয়োজনে মাছ দুটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা দামে বিক্রি করব।’

আজ সন্ধ্যায় রায়হান মাছ দুটি বিক্রি করতে টেকনাফ বড় বাজারে বসবে
ছবি: প্রথম আলো

স্থানীয় মাছ বিক্রেতারা বলছেন, বর্তমানে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে। তাই বাজারে অন্যান্য সময়ের তুলনায় মাছের সরবরাহ কম। বাজারে সাধারণত দুই-তিন কেজি ওজনের কোরাল মাছ পাওয়া যায়। মাঝেমধ্যে পাঁচ থেকে আট কেজি পর্যন্ত কোরাল মাছ দেখা যায়। তবে ১২ থেকে ১৩ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। কোরাল মাছ ৩০ থেকে ৩৫ কেজি ওজনেরও হতে পারে। তবে বেশি ওজনের কোরাল সহজে দেখা মেলে না। প্রজনন মৌসুমসহ সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদী মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ জন্য বড় কোরাল মাছ বড়শিতে ধরা পড়ছে।