কী হবে পরিবারগুলোর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে ঘর হারিয়েছেন রাবেয়া বেগম। অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর l প্রথম আলো
পাহাড়ধসে ঘর হারিয়েছেন রাবেয়া বেগম। অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর l প্রথম আলো

হাসপাতালের শয্যায় দুই মাস ধরে কাতরাচ্ছেন লিটন মিয়া। পাহাড়ধসের পর ধ্বংসস্তূপ থেকে তাঁকে উদ্ধার করেন স্বজনেরা। তাঁর দুই পা ভাঙা। আঘাত রয়েছে কোমরেও। একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন অবস্থায় দিশেহারা পরিবারটি। আয়-রোজগার বন্ধ, তার ওপর লাগছে চিকিৎসার খরচ।

১৩ জুন পাহাড়ধসে লিটন মিয়ার সঙ্গে চাপা পড়েছিলেন ভাগনে সালাহউদ্দিন ও তাঁর স্ত্রী রাহিমা বেগম। তাঁরা দুজন মারা গেছেন। লিটনের দুই পায়ে অস্ত্রোপচার হয়েছে। ক্রাচে ভর দিয়েও হাঁটতে পারেন না। সারাক্ষণ বিছানায়। তাঁর চিকিৎসা চলছে রাঙামাটি জেলা সদর হাসপাতালে।

লিটনের স্ত্রী নাছিমা আকতার আর বড় ছেলে খায়রুল ইসলাম অর্থ সাহায্য পেতে বেশ কিছু দিন ধরে ঘুরছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। গত মঙ্গলবার দুপুরে দুজনকে পাওয়া যায় সেখানে। নাছিমা বলেন, ‘অনেক ঘোরাঘুরি করে ডিসি অফিস থেকে মাত্র তিন হাজার টাকা পেলাম।’ এত দিন ওষুধের খরচ নিজেরাই জোগাড় করেছেন। চার দিন ধরে জেলা সমাজসেবা কার্যালয় থেকে এই খরচ দেওয়া হচ্ছে।

লিটন মিয়া ছিলেন দিনমজুর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন লংগদু উপজেলায়। কাজের জন্য লিটন রাঙামাটি পৌর সদরের রূপনগর এলাকায় ভাগনে সালাহউদ্দিনদের সঙ্গে থাকতেন। টিনের তৈরি ভাড়া ঘরটি ছিল পাহাড়ের পাদদেশে।

বড় ছেলে খায়রুল লংগদুর গুলশাখালী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বাবা আহত হওয়ার পর থেকে হাসপাতালে থাকছে সে। খায়রুল বলে, সে ক্লাসে প্রথম। পড়তে পারছে না। বাবা সুস্থ হয়ে কাজে ফিরতে পারার ওপর নির্ভর করবে সে লেখাপড়া চালাতে পারবে কি না।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মং ক্য চিং প্রথম আলোকে বলেন, লিটন মিয়ার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

লিটন মিয়া বলেন, ‘দুই পায়ে ব্যথা। জানি না আর সুস্থ হব কি না। কীভাবে সংসার চলবে তাও জানি না।’

লিটনের মেয়ে সোনিয়া আকতারও অষ্টম শ্রেণিতে ও অপর ছেলে নাজমুল ইসলাম ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

পাহাড়ধস বেশ কয়েকটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে কেড়ে নিয়েছে। শহরের ভেদভেদী পোস্ট অফিস কলোনির বাদল দত্ত হারিয়েছেন তাঁর দুই ছেলে সুমন দত্ত (২৯) ও রূপন দত্তকে (২৬)।

দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে বাদল দত্ত দুই ছেলেকে বেশি দূর লেখাপড়া করাতে পারেননি। সংসারের বোঝা টানতে কম বয়সে দুই ছেলেকে কাজে লাগিয়ে দেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আস্তে আস্তে করে ঘুরে দাঁড়াচ্ছিল পরিবারটি। পোস্ট অফিস কলোনিতে একটি আধা পাকা ঘরও তুলেছিলেন দুই বছর আগে। কিন্তু ১৩ জুনের পাহাড়ধস ঘর তো ভেঙেছেই, কেড়ে নিয়েছে দুই উপার্জনক্ষম ছেলেকে।

সুমন ভেদভেদী বাজারে ছোট একটি চায়ের দোকান করতেন। বাবা বাদল দত্ত তাঁকে সাহায্য করতেন মাঝেমধ্যে। ছোট ছেলে রূপন গাড়ি চালাতেন। এই দুজনের আয়ে চলত পরিবারটি। এখন দুজনই না-ফেরার দেশে।

বাদল দত্ত ও তাঁর স্ত্রী বুলু দত্তও ছেলেদের সঙ্গে মাটিচাপা পড়েছিলেন। প্রতিবেশীদের দ্রুত তাঁদের উদ্ধার করায় বেঁচে যান। হাসপাতালে চিকিৎসা শেষে এখন দুজনই সুস্থ। ভেদভেদীর মোনতলা পাড়ায় তিন হাজার টাকায় বাসা ভাড়া করে থাকছেন দুজন। দুজনের কেউ এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। ক্রাচে ভর দিয়ে চলেন বাদল দত্ত।

ছেলেদের কথা তুলতেই বাদল দত্ত বলেন, ‘বড় ছেলে সুমনের বিয়ের কথাবার্তাও চলছিল। আমাদের নিয়ে তাদের ফিরিয়ে দিত। আমাদের বেঁচে থেকে কী লাভ। কে আমাদের খাওয়াবে। মেয়ে জামাইদের সহযোগিতায় একটি ঘর ভাড়া নিয়েছি। যেখানে পাহাড় ভেঙেছে সেখানে যাওয়া নিষেধ। দোকানটিও কর্মচারীদের দিয়ে চালাতে হচ্ছে।’

বুলু দত্ত এখনো ভালো করে হাঁটতে পারেন না। মাঝেমধ্যে ছেলেদের এসব স্মৃতি মনে করে অঝোরে কাঁদেন।

ভেদভেদী মুসলিমপাড়ার রেশমি আক্তার যেন কাঁদতেও ভুলে গেছেন। স্বামী ইব্রাহিম খলিল মারা যান পাহাড়ধসে। পাহাড়ঘেঁষা একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন তাঁরা। সেদিন কীভাবে যেন বেঁচে যান রেশমি ও তাঁর চার বছরের ছেলে আবদুস শুক্কুর। দিনমজুর স্বামীর আয়ে চলত তাঁদের সংসার।

রেশমি এখন ছেলেকে নিয়ে রয়েছেন মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। রেশমি বলেন, ‘স্বামী নেই, ঘর নেই। কোথায় যাব, কী করব জানি না।’