কীভাবে চলবে বকুল দেবনাথের পরিবার?

ছেলে নিলয় দেবনাথ (৫), স্ত্রী নীলিমা (২৮) আর কাঁচামাল ব্যবসায়ী ছোট ভাই রন্টু দেবনাথকে নিয়ে ট্রাকচালক বকুল দেবনাথের (৩৮) সংসার মোটামুটি চলছিল। সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক চালাতেন তিনি। যত অবরোধ কিংবা হরতাল হোক, ট্রাক না চালালে সংসার চলবে না। তাই চলমান অবরোধের মধ্যেও শুধু রাতে বের হতেন ট্রাক নিয়ে। গত সোমবারও তাই করেন। রাতেই তাঁর ফিরে আসার কথা ছিল। কিন্তু ভোরে তাঁর স্ত্রীর কাছে খবর আসে, দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকসহ পুড়ে গেছেন স্বামী বকুল দেবনাথ।
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার বাসিন্দা বকুল দেবনাথ এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। পেট্রলবোমায় দগ্ধ স্বামীকে দেখতে গতকাল বুধবার হাসপাতালে যান স্ত্রী নীলিমা। একদিকে স্বামীর সেরে ওঠা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে সংসার চালানো নিয়ে দুর্ভাবনার কথা বলতে গিয়ে চোখ ছল ছল করে ওঠে তাঁর। বলতে থাকেন, ‘মানুষটা একলাই সংসার টানত। সংসার টানা মানুষটারে অনে আমি কী করি টানি?’
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবদুস সালাম প্রথম আলোকে জানান, বকুলের মুখ, হাত, বুকসহ শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। পোড়ার ক্ষতও গভীর। তবে শ্বাসনালি অক্ষত আছে। এক পায়ের হাড়ও ভেঙে যাওয়ায় নড়াচড়া করতে পারছেন না। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গোয়াইনঘাট থানার পুলিশ সূত্র জানায়, সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট থেকে বালুবোঝাই করে ট্রাক নিয়ে সিলেট ফিরছিলেন বকুল দেবনাথ। রাত প্রায় দুইটার দিকে বাঘের সড়ক নামক স্থানে পৌঁছালে ট্রাকের গতিরোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা। ট্রাকটি না থামায় তারা পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। চিৎকার শুনে আশপাশের এলাকার মানুষজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘের সড়ক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আগুন লাগা অবস্থায় ট্রাকটি কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি থামে। ততক্ষণে চালক তাঁর আসনে বসা থাকায় শরীরের কিছু অংশ পুড়ে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে তাঁর এক পা ভেঙে যায়। কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে যান তিনি। ওই রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাই জানান, পুলিশ ট্রাকে আগুন দেওয়ার খবর রাত দুইটার সময় জানতে পারে। সঙ্গে সঙ্গে টহল পুলিশ সেখানে গিয়ে শুধু পোড়া ট্রাকটি দেখতে পায়। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর এলাকায় অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পরদিন পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা করে। ঘটনার তদন্ত চলছে।