কীর্তনখোলার গর্ভে চলে যাচ্ছে চরবাড়িয়া ইউনিয়ন

বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন। অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে দার্শনিক আরজ আলী মাতুব্বরের লামচরি গ্রামের লামচরি মাধ্যমিক বিদ্যালয়, দুটি শিপইয়ার্ড, কৃষিজমিসহ কয়েক হাজার বসতবাড়ি। তবে এই ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে চরবাড়িয়া ইউনিয়নের লামচরি, চরআবদানী, বেলতালা এলাকায় দেখা গেছে, নদীতে অনেক বাড়িঘর ভেঙে গেছে। কারও বাড়ির রান্নাঘর, কারও বাড়ির শৌচাগার টিকে আছে। অনেকে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেক স্থানে বিলীন হয়েছে ইটভাটা, শিপইয়ার্ড, ফসলি জমি ও গাছপালা। হুমকির মুখে রয়েছে লামচরি মাধ্যমিক বিদ্যালয়, পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট), শিপইয়ার্ডসহ অনেক প্রতিষ্ঠান।
চরবাড়িয়া ইউনিয়রের চরআবদানী গ্রামের আবদুর রহমান (৮০) জানান, কীর্তনখোলা নদীর ভাঙনে দুবার তাঁর বাড়ি বিলীন হয়েছে। এরপর আবারও তিনি গ্রামে বাড়ি করেন। সেই বাড়িও ভাঙনের কবলে পড়েছে। ভাঙন প্রতিরোধে এত আন্দোলন হলেও কোনো কাজ হয়নি।
বেলতলা এলাকার বাসিন্দা ইসমাইল মল্লিক বলেন, ‘বহু আগে চরবাড়িয়ায় আছিলাম। নদীর ভাঙনে বেলতলা পর্যন্ত আইছি। এহন এহানোও ভাঙন ধরছে। আর দুই দিন ভাঙলে এই গ্রাম আর থাকবো না। হ্যারপরই শহর ভাঙা শুরু হইবে।’
লামচরি আরজ আলী মাতুব্বর পাঠাগারের সভাপতি আজিজুর রহমান জানান, প্রতিবছরই নদীভাঙন প্রতিরোধে বিভিন্ন সংগঠন মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক তদবির প্রয়োজন। বরিশালে ভাঙন প্রতিরোধে উচ্চপর্যায়ের কোনো তদবির করার লোক নেই। তাই বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাউয়া এলাকা কীর্তনখোলার ভাঙনের কবলে পড়েছে। এ ব্যাপারে পাউবোকে কয়েক দফায় জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে নির্মীয়মাণ পানি শোধনাগারটিও ভাঙনের কবলে পড়বে।
পাউবো বরিশালের প্রধান প্রকৌশলী মো. আফতাবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভাঙন প্রতিরোধে দুই বছর আগে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। তা অনুমোদন করা হয়নি। পরে জলবায়ু ট্রাস্টের আওতায় দুটি প্রকল্প পাঠানো হয়। ওই প্রকল্পের মধ্যে ২৫ কোটি টাকার একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়। এখন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করা যাচ্ছে, বর্তমান অর্থবছরে বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।