কীর্তনখোলায় নিখোঁজ বাল্কহেডচালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের হালের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ চালকের লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নদীর নতুন চর এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম আশরাফ আলী (৫৫)। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ী মহল গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, আশরাফ আলী নদী থেকে বালু উত্তোলন করার জন্য ১৮ এপ্রিল বাড়ি থেকে বের দেন। কীর্তনখোলা নদীর চরমোনাইঘাট এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের ধাক্কায় বাল্কহেডের হাল এসে তাঁর মুখমণ্ডলে আঘাত করে। এতে তিনি ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।