কুষ্টিয়ার কুমারখালী
কুঠিবাড়ি রক্ষা বাঁধে আবারও ধস
এ পর্যন্ত বাঁধে তিনবার ভাঙন। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে জমি–ঘর বিলীন হওয়ার শঙ্কা।
পদ্মা নদীর ভাঙনে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রক্ষা বাঁধের ১০০ মিটার ধসে পড়েছে। নয় দিন আগে কোমরকান্দি এলাকায় বাঁধে ধস দেখা দেয়। কিন্তু ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০১৮ সালে শিলাইদহে ‘রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্প’ নামে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩ দশমিক ৭২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় করা হয় ১৭৬ কোটি টাকা। তবে কাজ শেষ হওয়ার দুই মাস পর বাঁধে ভাঙন দেখা যায়। কালোয়া খাপাড়া এলাকায় পদ্মা নদীতে বাঁধের ১৫০ মিটার নদীতে বিলীন হয়ে যায়। তখন পাউবোর প্রকৌশলীরা জানান, পদ্মায় পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে নদীর তীর ও কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধের প্রায় ১৫০ মিটার ব্লকবাঁধ বিলীন হয়ে গেছে।
তবে এবার শুষ্ক মৌসুমে বাঁধে ধস দেখা দিয়েছে। নয় দিন আগে কোমরকান্দি এলাকায় বাঁধে ধসের সৃষ্টি হয়। বাঁধের ওপরের মাটি দেবে ব্লক খসে পড়ছে। কোমরকান্দি গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন বলেন, সপ্তাহখানেক আগে বাঁধে ধস দেখা দেয়। সেটা দীর্ঘ হয়ে এখনো মাটি দেবে ধসে যাচ্ছে। ব্লকবাঁধ নির্মাণের সময় পাইলিংয়ের কাজে অনিয়ম হয়েছে। এ জন্য অসময়ে বাঁধ ধসে যাচ্ছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গ্রামের মাঠের সঙ্গে ব্লকবাঁধ নির্মাণ করা হয়েছে। মাটি নরম হয়ে তা ধসে পড়ছে। প্রতিদিনই একটু একটু করে ধসছে। পাউবোর কর্মকর্তারা এসে দেখে গেছেন। কোনো দৃশ্যমান কাজ করতে কেউ আসছেন না।
আমিরুল ইসলাম নামের এক কৃষক বলেন, কাজে অনিয়ম থাকায় বাঁধ ভেঙে গেছে। ভাঙন ঠেকানো না গেলে কুঠিবাড়িসহ আশপাশের এলাকার কৃষিজমি, ফসল, ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কোমরকান্দি গ্রামের মরিয়ম খাতুন বলেন, ‘ব্যাটারা কাজে ফাঁকি দিছে। এখন আমরা ভাঙনের ভয়ে দিশাহারা।’
শিলাইদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দীন তারেক বলেন, এ পর্যন্ত বাঁধে তিনবার ভাঙন হলো। এখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে মাঠের পর মাঠ বিলীন হয়ে যাবে।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন বলেন, কোমরকান্দি এলাকায় যেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে, সেখানে আগে গর্ত ছিল। গর্ত ভরাট করে বাঁধ নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া মাঠের ওপরের দিকে পানি জমে ব্লকের ভেতরে চলে যায়। মাটি নরম হওয়ায় প্রায় ১০০ মিটারজুড়ে ধসের সৃষ্টি হয়েছে। বর্ষাকালের আগেই সংস্কার করা হবে। এ ব্যাপারে ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল ঘটনাস্থল পরিদর্শন করবে।