কুতুপালং শিবিরে রোহিঙ্গা মাঝিকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শিবিরের একটি আবাসিক ব্লকের রোহিঙ্গা মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই মাঝির নাম আবুল কালাম (৩৭)। আজ রোববার ভোর সাড়ে পাঁচটায় কুতুপালং শিবিরের বি ব্লকের নিজ বসতঘরের সামনে তিনি খুন হন।
চিহ্নিত কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসীর হাতে তিনি খুন হন বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃপক্ষ জানিয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, মাঝি আবুল কালামকে নিজ বসতঘরের বাইরে রোহিঙ্গা দুষ্কৃতকারী নূর মোহাম্মদ, মো. ইব্রাহীম, মো. ফরিদ, জোবায়ের ও মো. জাবের লাঠিপেটা করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।
খবর পেয়ে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে এসে আহত আবুল কালামকে উদ্ধার করে এমএসএফের হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে আবুল কালাম মারা যান। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে এপিবিএন জানিয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার বলেন, রোহিঙ্গা দুষ্কৃতকারী ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়া শিবিরে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার ছিলেন বলে পরিবার ও পুলিশ জানিয়েছিল। এরপর একই বছরের ২২ অক্টোবর ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরের একটি মাদ্রাসায় একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে মাদ্রাসাটির ছাত্র-শিক্ষকসহ ছয় রোহিঙ্গা নিহত হন।