কুমার নদের জায়গা দখল করে বেড়া

ব্রিজের পাশে ‘শ্যানের’ ঘাটটির রয়েছে শত বছরের ঐতিহ্য। একসময় শত শত মানুষ এই ঘাটে গোসল করতেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার নদের জায়গা দখল করে দেওয়া হয়েছে সিমেন্টের খুঁটি। ৭ মে ঝিনাইদহের শৈলকুপায়
ছবি: প্রথম আলো

দখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের নতুন ব্রিজ এলাকার জায়গা। ওই জায়গার প্রায় ৫৬ শতক জমি এরই মধ্যে দুজন দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একজন বাঁশের বেড়া দিয়ে ঘিরে কলার চাষ করেছেন, আরেকজন টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। যাঁদের বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে, তাঁদের একজন শৈলকুপার কবিরপুর এলাকার মোহাম্মদ মহিউদ্দীন, অপরজন একই উপজেলার পাঁচপাখিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার ফিরোজী।

স্থানীয় ব্যক্তিরা বলেন, কবিরপুরের জায়গাটি দিয়ে একসময় গ্রামের নারী-পুরুষেরা গোসলের জন্য নদে নামতেন। অনেক আগে থেকে সেখানে স্নান করা হতো বলে স্থানীয় ব্যক্তিদের কাছে জায়গাটি ‘শ্যানের’ ঘাট হিসেবে পরিচিত। শুষ্ক মৌসুমে চর পড়া জায়গাটিতে শিশু-কিশোররা ঘুড়ি ওড়ানোর পাশাপাশি খেলাধুলাও করত।

যে ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়, তিনি পরবর্তী সময়ে জায়গাটি বিক্রি করে দেন। উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, নদ-নদীর জায়গা সিএস রেকর্ডে যেভাবে ছিল, সেভাবে ফেরত নিতে হবে।
বনি আমিন, সহকারী কমিশনার (ভূমি), শৈলকুপা

কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা জায়গাটি দখল করে নিয়েছেন। দখল রুখতে প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ওই জায়গায় বেড়া দিয়ে কলা চাষ করা মহিউদ্দীনের দাবি, ২৯ দশমিক ৫০ শতক জমি তিনি কিনেছেন। জমি কেনার পর তিনি দখলে গিয়েছেন। তাঁর দাবি, সব কাগজপত্র থাকার পরও সরকারি কর্মকর্তারা তা না দেখে একতরফা তাঁর কাজে বাধা সৃষ্টি করছেন। তাঁর মতো ওই স্থানে আরও অনেকে জমি কিনে দখলে রেখেছেন। তাঁদের কাউকে বাধা দেওয়া হয়নি, অদৃশ্য কারণে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। মহিউদ্দীন বলেন, জমি কেনার সময় রেজিস্ট্রি কর্মকর্তা কাগজপত্র দেখেই রেজিস্ট্রি দিয়েছেন। পরে তাঁর নামে নামজারি হয়। খাজনাও দিচ্ছেন। এগুলো সবই হয়েছে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে।

অপরজন আবদুস সাত্তার দখল করেছেন ২৬ শতক জমি। তিনি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। আপাতত চাষাবাদ করছেন, সেখানে ভবিষ্যতে ভবন তোলার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ বিষয়ে আবদুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সরকারি কর্মকর্তারা বলছেন, বাধা উপেক্ষা করে সরকারি জায়গা দখল করায় মহিউদ্দীন ও সাত্তারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ মে শৈলকুপা থানায় মামলাটি করেন। তবে এ মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কবিরপুর প্রধান সড়ক থেকে কুমার নদের পানি পর্যন্ত একটি রাস্তা রয়েছে। রাস্তার জমির পাশের মালিকেরা নদের এসব জায়গা ভোগদখল করে থাকেন। কখনো কখনো সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গোপনে সরকারি এই জমি বিক্রিও করছেন। সেখানে বড় বড় ভবন নির্মাণ করা হচ্ছে।

কবিরপুরের বাসিন্দারা জানান, নতুন ব্রিজের পাশে ‘শ্যানের’ ঘাটটির রয়েছে শত বছরের ঐতিহ্য। একসময় কবিরপুর এলাকার শত শত মানুষ এই ঘাট ব্যবহার করে গোসল করতেন। এই ঘাটের সঙ্গেই রয়েছে বেশ কিছু জায়গা। বর্ষার সময় কখনো কখনো ওই স্থানে পানি উঠলেও বছরের বেশির ভাগ সময় থাকে শুকনা। ঈদের সময়, পয়লা বৈশাখে মেলা বসে এ স্থানে। এখানে শিশুরাও ঘুড়ি উড়িয়ে থাকে। খেলাধুলা করে।

কবিরপুরের বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় ব্যক্তিদের দীর্ঘদিনের ব্যবহারের জায়গা হঠাৎ এক প্রভাবশালী দখল করে নিয়েছেন। মহিউদ্দীন নামের একজন প্রথমে সিমেন্টের খুঁটি গাড়েন। এরপর রাতারাতি কলার চারা রোপণ করেন। শোনা যাচ্ছে, এখানে বড় বড় দোকানসহ স্থাপনা নির্মাণ করা হবে। আমিরুল ইসলাম নামের একজন বলেন, একসময় এই ঘাটে গোসল করাসহ পানি ঘর-গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। কয়েক বছর এসবের কিছুই করতে পারছেন না। জমিগুলো ক্রয়-বিক্রয় হয়ে দখল হয়ে যাচ্ছে।

এ বিষয়ে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) বনি আমিন বলেন, জমিটি ১৫ বছরের বন্দোবস্ত দেওয়া। যে ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়, তিনি পরবর্তী সময়ে জায়গাটি বিক্রি করে দেন। উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, নদ-নদীর জায়গা সিএস রেকর্ডে যেভাবে ছিল, সেভাবে ফেরত নিতে হবে। সেই আলোকে তাঁরা নতুন করে নদের জায়গা দখল করায় বাধা দিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। প্রতিপক্ষ আদালতে মামলা করেছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।