কুমার নদের সেতুর নিচ থেকে ফের বালু উত্তোলন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে শহরের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত কুমার নদের সেতুর তলদেশ থেকে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ ড্রেজার মেশিন দিয়ে এই বালু উত্তোলন করছে।
একই স্থান থেকে ২০০৭ সালে পৌরসভা কর্তৃপক্ষ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছিল। এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে সেই সময়ের পৌর মেয়র বিএনপি নেতা খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তিনি দীর্ঘদিন হাজতবাস করেন।
সরেজমিনে দেখা যায়, শৈলকুপা পৌরসভার মূল ভবনের পেছনে কুমার নদের জায়গা ভরাট শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এ কাজে শৈলকুপা শহরের সংযোগ সেতুর মাত্র ২০০ গজ দূরে ড্রেজার মেশিন বসিয়ে নদের তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে সেতুর নিচের মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। যেকোনো সময় ধসে পড়তে পারে অর্ধশত বছরের পুরোনো সেতুটি।
জানা গেছে, এই বালু উত্তোলনে পৌরসভা কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে অনুমতি নেয়নি।
পাউবোর শৈলকুপা উপজেলা শাখা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি তাঁদের জানা নেই। তিনি বলেন, এভাবে সেতুর তলা থেকে ড্রেজার দিয়ে বালু ওঠালে সেতুটি ঝুঁকির মুখে পড়বে।
নজরুল ইসলাম আরও বলেন, একটি সেতুর কমপক্ষে এক হাজার ২০০ গজ দূর থেকে বালু তোলা যায়, তবে সে ক্ষেত্রে ভূমি ও নদীশাসন আইন অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি লাগবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আলী প্রিন্স বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন। গত সোমবার দুপুরে এই বালু ওঠানো বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুজ্জামান ওরফে আজম জানান, পৌর ভবনটি রক্ষা করার জন্য এই বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ভরাট করার পর সেখানে বাগান করা হবে।