কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ১১টিতে আ.লীগের জয়
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচনে ১৫টি পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ১১টি পদে জয়ী হয়েছে। বাকি চারটি পদে বিএনপি–জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক মো. সহিদ উল্লাহ নির্বাচনের ফল ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ১৫৪ ভোটারের মধ্যে ১ হাজার ১০৭ জন ভোট দেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি পদে মো. আহছান উল্লাহ খন্দকার; সহসভাপতি মো. নুরুল ইসলাম ও মো. আবদুল মান্নান মজুমদার; সাধারণ সম্পাদক মো. আবু তাহের; সহসাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ; কোষাধ্যক্ষ মো. আমির হোসেন খান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এম এম মঈন; আমোদপ্রমোদ সম্পাদক শাহাব উদ্দিন এবং সদস্যপদে আবদুল হান্নান, ওমর খালেদ ও ফাহমিদা রহমান।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে লাইব্রেরি সম্পাদক মো. লোকমান আহমেদ, এনরোলমেন্ট সম্পাদক মো. আবদুস সবুর, সদস্য ফাহিমা আক্তার ও মো. নুরুল ইসলাম।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০২১ সালে ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপিপন্থীরা জয়ী হন। তবে এবার গঠনতন্ত্র পরিবর্তন করে ১৫টি পদে ভোট গ্রহণ হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক মো. ইউনুছ ভূঁইয়া বলেন, এবার ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীকে ভোট দিয়েছে। যে কারণে প্রত্যাশিত ফল হয়েছে। বিএনপির ১৫টি পদের মধ্যে ৯টি পদে জামায়াতের আইনজীবীদের প্রার্থী করা হয়েছে। এ কারণে আইনজীবীরা জামায়াতকে বর্জন করেছেন বলে তিনি দাবি করেন।