কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লা উত্তর জেলার জন্য ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সভাপতি করা হয়েছে সুফিয়া বেগমকে, সাধারণ সম্পাদক দিলারা শিরিন আর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জেসমিন আক্তারকে।
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ১৪ ফেব্রুয়ারি এ কমিটি অনুমোদন করেন। আজ বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি সুফিয়া ও সাধারণ সম্পাদক দিলারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের বাসভবনে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের এক কাউন্সিল হয়। এতে সভাপতি পদে ভোটাভুটি হয়। এতে ২০ ভোটের মধ্যে ১৪ ভোট পান সুফিয়া। পরে তাঁকে সভাপতি ও দিলারাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ওই কমিটিকে সাত দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য বলা হয়। পরে তাঁরা ওই কমিটি জমা দেন। গত ১৪ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বলেন, ‘দ্বিতীয়বারের মতো ভোটে সভাপতি হয়েছি। সবাইকে নিয়ে মহিলা দলকে এগিয়ে নিতে চাই।’