কুমিল্লা কোভিড হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি রয়টার্স
ছবি রয়টার্স

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কোভিড-১৯ রোগী এবং অন্য চারজনের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৭৫ বছর বয়সী এক নারী মারা যান। তিনি কোভিড–১৯ রোগী ছিলেন। আর করোনার উপসর্গ নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৮০ বছরের বৃদ্ধ, রাত ১২টার দিকে একই উপজেলার ৬০ বছরের বৃদ্ধ, বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা মহানগরের ৭৭ বছর বয়সী এক নারী এবং সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ মারা যান।

বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১১৯ জন। এর মধ্যে ৮০ জন পুরুষ ও ৩৯ জন নারী। তাঁদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪৪ জন, করোনা ওয়ার্ডে ৫৮ জন ও আইসিইউতে ১৭ জন আছেন। এ নিয়ে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ৫৮ দিনে মারা গেছেন ২৮৪ জন। গত ৩ জুন হাসপাতালটি চালু করা হয়। ৪ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া ব্যক্তিদের তথ্য প্রকাশ করে আসছে।