কুমিল্লা জেলায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন তাঁরা।
প্রথম আলো ফাইল ছবি

কুমিল্লা জেলায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। আজ শনিবার পর্যন্ত ৮১ দশমিক ৬৭ শতাংশ করোনা রোগী সুস্থ হয়েছেন। টানা ২০ দিন শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেড়েছে। আজ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব মীর মোবারক হোসাইন বলছেন, স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত ওষুধ সেবনের কারণে করোনা রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় ১ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫২। একই সময়ে সুস্থ হয়েছেন ১৮৭ জন। করোনায় মারা গেছেন দুজন। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার ৬৫ বছরের এক নারী ও নাঙ্গলকোট উপজেলার ৮৫ বছরের এক নারী আছেন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বাড়ছে। করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। এতে অবশ্য আত্মতুষ্টির কিছু নেই। করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সেই সঙ্গে নিতে হবে করোনার টিকা।

ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গত বছরের ৭ এপ্রিল কুমিল্লা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১১ এপ্রিল প্রথম করোনা রোগী মারা যান। এ পর্যন্ত কুমিল্লা জেলায় ৩৮ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৩৬৫ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১০ জন।