কুমিল্লা জেলায় ১০ দিনে করোনায় ১০৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

কুমিল্লা জেলায় গত ১০ দিনে করোনা সংক্রমণে মারা গেছেন ১০৯ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৫৩ জনের। গত বছরের আগস্টের প্রথম ১০ দিনে ৪১০ জনের করোনা শনাক্ত ও করোনায় মৃত্যু হয়েছিল ৫ জনের। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৯৩। একই সময়ে করোনায় মারা গেছেন ১১ জন। তাঁদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ। তাঁদের মধ্যে সর্বনিম্ন ৪৩ বছরের একজন নারী ও সর্বোচ্চ ৯০ বছরের একজন পুরুষ আছেন।

এ নিয়ে জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ১১। তাঁদের মধ্যে এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৮২৯ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৬৫ জন।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় করোনা শনাক্ত মারাত্মকভাবে বেড়েছে। প্রাণহানির সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। ভিড় এড়িয়ে চলাফেরা করতে হবে।