উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সব সূচকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল বিপর্যয় হয়েছে। পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। শূন্য ভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও রয়েছে তিনটি। ইংরেজিতে ৩৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী ফেল করার কারণে ওই ফল বিপর্যয় হয়েছে।
সারা দেশের আটটি সাধারণ বোর্ডের মধ্যে কুমিল্লার ফল সব বোর্ডের নিচে। গত ১০ বছরের মধ্যে এ বোর্ডে এইচএসসিতে এত খারাপ ফল হয়নি।
গতকাল রোববার বেলা দেড়টায় বোর্ডের সম্মেলনকক্ষে ওই ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব মো. আবদুস ছালাম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মো. হাবিবুর রহমান।
ফল বিপর্যয় প্রসঙ্গে কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ইংরেজিতে শিক্ষকের অভাব, যাঁরা আছেন তাঁদের মান অত্যন্ত নিম্ন। যে কারণে ফল তলানিতে গিয়ে ঠেকছে। এ ছাড়া বোর্ডের বর্তমান ম্যানেজমেন্ট অত্যন্ত দুর্বল।
ফল বিশ্লেষণ
কুমিল্লা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন ৪৯ হাজার ৭০৪ জন। পাসের হার ৪৯ দশমিক ৫২। এর মধ্যে ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৫৬ এবং মেয়েদের পাসের হার ৪৯ দশমিক ৪৮। বিজ্ঞান বিভাগে ২০ হাজার ১৬৪ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হন ১৪ হাজার ৬৬৩ জন। পাসের হার ৭২ দশমিক ৭২। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৯২, মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৭২। মানবিকে ৪২ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১৬ হাজার ২৭২ জন। পাসের হার ৩৮ দশমিক ৩৮। ছেলেদের পাসের হার ৩৬ দশমিক ৮৬, মেয়েদের পাসের হার ৩৯ দশমিক ২১। ব্যবসায় শিক্ষা শাখায় ৩৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১৮ হাজার ৭৬৯ জন। পাসের হার ৪৯ দশমিক ৬৩। ছেলেদের পাসের হার ৪৬ দশমিক ৭৪, মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৬১।
এ বছর ৬৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ৩২৫ ও মেয়ে ৩৫৩ জন।
বিজ্ঞান বিভাগে ৫৫৭, মানবিকে ৩৯ ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮২ জন জিপিএ-৫ পেয়েছেন।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯। এবার কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। গত বছর এক হাজার ৯১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
বোর্ডে এ বছর ইংরেজি বিষয়ে এক লাখ ৩৮১ জন পরীক্ষা দিয়ে ফেল করেছে ৩৮ হাজার ৮৩ জন। পাস করেছে ৬২ হাজার ২৯৮ জন। পাসের হার ৬২ দশমিক শূন্য ৬ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
তিন কলেজ থেকে কেউ পাস করেনি: ফেনীর বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ফয়জুমিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি। কলেজ তিনটিতে যথাক্রমে ১৪,৪ ও ১৭ জন পরীক্ষার্থী ছিল।
সাত কলেজের পাসের হার শতভাগ: কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দিন কলেজ, কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ, কুমিল্লা মডেল কলেজ ও চাঁদপুরের কচুয়া উপজেলার নিন্দুপুর এম কে আলমগীর হাইস্কুল অ্যান্ড কলেজ। গত বছর আটটি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিল।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ইংরেজিতে ৩৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ আরও ৪০টি বিষয়ে কম বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এতে করে সার্বিক পাসের হারের ওপর প্রভাব পড়েছে। যে কারণে অন্যান্য বোর্ডের তুলনায় কুমিল্লা বোর্ডে পাসের হার কম।