আ.লীগের প্রার্থী হিসেবে আরফানুল হকের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরফানুল হক
ছবি: সংগৃহীত

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হকের (রিফাত) নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ জুনের মধ্যে ওই নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটায় নগরের রামঘাট দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সভাপতিত্বে দলের বর্ধিত সভা শুরু হয়। ইফতার ও নামাজের বিরতির পর সভায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের কমিটির সদস্যরা মেয়র পদে আরফানুল হকের নাম একক প্রার্থী হিসেবে লিখিত আকারে প্রস্তাব করেন। একই সঙ্গে দলের অঙ্গসংগঠনের কমিটিগুলোও একই নাম উত্থাপন করে। সভায় কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে রাতে মুঠোফোনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের ২৭ ওয়ার্ডের নেতারা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগ সর্বসম্মতিক্রমে মেয়র পদে দলীয় একক প্রার্থী হিসেবে আরফানুল হকের নাম প্রস্তাব করে। যখন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন রেজল্যুশন করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে আরফানুল হকের নাম পাঠানো হবে। এটা দলীয় সিদ্ধান্ত, কারও একক সিদ্ধান্ত নয়।’

আরফানুল হক সাংসদ আ ক ম বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন। ২০১৭ সাল থেকে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে নিজেকে মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে নগরীতে বিলবোর্ড, ফেস্টুন টানানোর পাশাপাশি পোস্টার সাঁটিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক। আরফানুল হক সাংসদ আ ক ম বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন। ২০১৭ সাল থেকে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন।

আরফানুল হক প্রথম আলোকে বলেন, ‘মহানগর আওয়ামী লীগের সভাপতি সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও দলীয় নেতা-কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। এখন জোরেশোরে প্রচারণা শুরু করব। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আরও পাঁচজনের নাম আলোচনায় আছে। তাঁরা হলেন সংরক্ষিত মহিলা সাংসদ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান।

২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি প্রথম এবং ২০১৭ সালের ৩০ মার্চ দ্বিতীয় দফা নির্বাচন হয়। দুটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ও মনোনীত প্রার্থী মেয়র পদে পরাজিত হন। বর্তমান মেয়রের মেয়াদ ১৭ মে শেষ হচ্ছে।