কুমিল্লায় কোভিডে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে তিনজন ও করোনাভাইরাস শনাক্ত হওয়া একজন মারা গেছেন। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান শুক্রবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে মারা গেলেন ২২৮ জন। দৈনিক গড়ে মারা গেছেন পাঁচজনের বেশি লোক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আজ ভোর সাড়ে চারটায় মারা গেছেন কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার ৫৩ বছরের এক নারী। গতকাল বৃহস্পতিবার রাত তিনটায় আইসিইউতে মারা যান মুরাদনগর উপজেলার ৫৯ বছরের এক পুরুষ। রাত ১২টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন কুমিল্লার শুভারামপুর এলাকার ৫০ বছরের এক পুরুষ।

এদিকে হাসপাতালের পঞ্চম তলার করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল আটটায় কোভিড-১৯ রোগে মারা গেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ৪৫ বছরের এক নারী।

হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমানে এই হাসপাতালে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। এর আগের দিন আইসিইউতে ভর্তি ছিলেন ১৫ জন। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এই হাসপাতালে মোট ১৮টি আইসিইউ শয্যা আছে।